“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের - Bangla Hunt

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

By Bangla Hunt Desk - June 04, 2026

বাংলাহান্ট: বুধবার বিধানসভায় বিরোধী দলের ঘরে বসে তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন, “আমরা মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের প্রধান পরামর্শদাতা হিসাবে থাকবার অনুরোধ জানাচ্ছি। তিনি থাকুন আমাদের পরামর্শদাতা হিসাবে। তাঁর পরামর্শ পেলে আমরা গঠনমূলকভাবে বিরোধীর ভূমিকা খুব ভালো ভাবে পালন করতে পারব।” তাঁর এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক।

এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠতে শুরু করেছে—নতুন করে কারা ফিরতে চাইছেন, আর কারা এই অবস্থানের বিরোধিতা করছেন। দলের অভ্যন্তরে শুরু হয়েছে জল্পনা ও চাপানউতোর। এর মধ্যেই ঋতব্রতপন্থী বলে পরিচিত পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক বিস্ফোরক দাবি করেন। তাঁর বক্তব্য, তাঁরা যখন সংশ্লিষ্ট চিঠিতে সই করেছিলেন, তখন তাঁদের জানানো হয়নি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘নেত্রী’ নয়, বরং ‘পরামর্শদাতা’ হিসেবে উল্লেখ করা হবে।

গুলশান মল্লিক সাংবাদিকদের সামনে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ই নেত্রী—এটাই আমাদের বলা হয়েছিল। তখন বলা হয়নি উনি পরামর্শদাতা হবেন। সেটা জেনেই আমরা সই করেছি। পরামর্শদাতা আলাদা বিষয়। কে পরামর্শ দেবেন বা দেবেন না, সেটা অন্য ব্যাপার। দীর্ঘদিন ধরে যাঁর নেতৃত্বে আমরা রাজনীতি করেছি, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ই আমাদের সর্বোচ্চ নেত্রী।”

একই সুর শোনা যায় সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক সঙ্গীতা বসুনিয়ার বক্তব্যেও। তিনি স্পষ্টভাবে জানান, “আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন ছিলেন, তেমনই আছেন।” তবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি দলনেতা নই, তাই এই বিষয়ে মন্তব্য করতে পারব না।”

এদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আবার দাবি করেন, তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলে কোনো একক নেতা নেই। তাঁর বক্তব্য, “এটা একটি টিম। এখানে কেউ নেতা নন। দায়িত্ব ভাগ করে কাজ হয়—কেউ বিরোধী দলনেতা, কেউ মুখসচেতন, কেউ উপদলনেতা হতে পারেন, কিন্তু মূলত সবাই একটি টিম হিসেবে কাজ করেন।”

এই সমস্ত মন্তব্য ও পাল্টা বক্তব্যের ফলে দলের অভ্যন্তরে নেতৃত্ব কাঠামো ও চিঠির বিষয়বস্তু নিয়ে তৈরি হয়েছে নতুন ধোঁয়াশা। কার অবস্থান ঠিক, কার ব্যাখ্যা সঠিক—তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। তৃণমূলের অন্দরে এই বিতর্ক কোন দিকে গড়ায়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


প্রাসঙ্গিক খবর