“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের” - Bangla Hunt

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

By Bangla Hunt Desk - May 21, 2026

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই কাঁচরাপাড়া পুরসভায় তৃণমূলের অন্দরে ভাঙনের জল্পনা চলছিল। মঙ্গলবার সেই জল্পনাই কার্যত সত্যি হল। একযোগে ইস্তফা দিলেন পুরসভার ১৫ জন তৃণমূল কাউন্সিলর। তাঁদের পদত্যাগপত্র জমা পড়তেই বীজপুরের রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। একই সঙ্গে প্রশ্ন উঠতে শুরু করেছে তৃণমূল পরিচালিত বোর্ডের ভবিষ্যৎ নিয়েও।

সূত্রের খবর, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই কার্যত নেতৃত্বহীন অবস্থায় ছিল কাঁচরাপাড়া পুরসভা। চেয়ারম্যান কমল অধিকারীর দীর্ঘ অনুপস্থিতি নিয়ে দলের অন্দরেই ক্ষোভ বাড়ছিল। একাংশ কাউন্সিলরের অভিযোগ, প্রশাসনিক স্তরে সমন্বয়ের অভাবে পুরসভার কাজকর্ম ব্যাহত হচ্ছিল। নাগরিক পরিষেবা নিয়েও উদ্বেগ তৈরি হয়।

এই পরিস্থিতিতে সম্প্রতি পুরসভায় গিয়ে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন বীজপুরের বিজেপি বিধায়ক সুদীপ্ত দাস। এরপর থেকেই রাজনৈতিক মহলে জল্পনা আরও তীব্র হয়। সূত্রের দাবি, রবিবার কল্যাণীতে তৃণমূল কাউন্সিলরদের একটি বৈঠকে ইস্তফার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। তারপর মঙ্গলবার একযোগে পদত্যাগ করেন ১৫ জন কাউন্সিলর।

যদিও ইস্তফার কারণ নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি কেউই। তবে এই ঘটনাকে ঘিরে কাঁচরাপাড়া পুরসভার ক্ষমতার সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। কাউন্সিলরদের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়েও শুরু হয়েছে জোর চর্চা। তাঁদের একাংশ বিজেপিতে যোগ দিতে পারেন বলেও গুঞ্জন ছড়িয়েছে রাজনৈতিক মহলে।

ঘটনা প্রসঙ্গে বিজেপি বিধায়ক সুদীপ্ত দাস বলেন, “ঘটনাটি সত্যি কি না তা খতিয়ে দেখা হচ্ছে। সত্যতা প্রমাণিত হলে বোর্ড টিকবে না। সে ক্ষেত্রে রাজ্য সরকারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে কোনওভাবেই নাগরিক পরিষেবা ব্যাহত হতে দেওয়া হবে না।”

অন্যদিকে, গোটা ঘটনায় এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেনি তৃণমূল নেতৃত্ব। ফলে রাজনৈতিক অনিশ্চয়তার মাঝেই এখন বড় প্রশ্ন— কীভাবে চলবে পুরসভার প্রশাসনিক কাজকর্ম? নাগরিক পরিষেবা বজায় রাখতেই বা কী পদক্ষেপ করা হবে? সেই উত্তর খুঁজছে কাঁচরাপাড়ার মানুষ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


প্রাসঙ্গিক খবর