“দলটাকে তিলে তিলে শেষ করে দিয়েছেন অভিষেক, সরাসরি তোপ দাগলেন প্রাক্তন মন্ত্রী” - Bangla Hunt

“দলটাকে তিলে তিলে শেষ করে দিয়েছেন অভিষেক, সরাসরি তোপ দাগলেন প্রাক্তন মন্ত্রী”

By Bangla Hunt Desk - May 06, 2026

নিজস্ব সংবাদদাতা, মালদহ: রাজ্যের ক্ষমতা হাতছাড়া হতেই শাসকদল তৃণমূল কংগ্রেসের অন্দরে ফাটলের ইঙ্গিত ক্রমশ স্পষ্ট হচ্ছে। দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ এবার প্রকাশ্যে বিস্ফোরিত হল দলেরই এক প্রাক্তন মন্ত্রীর মুখে। ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান তথা প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী সরাসরি তোপ দাগলেন দলের ‘সেকেন্ড-ইন-কমান্ড’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে।

বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কার্যত ক্ষোভে ফেটে পড়েন কৃষ্ণেন্দু। দলের সাম্প্রতিক বিপর্যয়ের জন্য এককভাবে অভিষেককেই দায়ী করে তিনি বলেন, “একজন ব্যক্তি দলটাকে তিলে তিলে শেষ করে দিলেন, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়।” তাঁর এই মন্তব্যে স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।

শুধু ব্যক্তিগত আক্রমণেই থেমে থাকেননি কৃষ্ণেন্দু। দলের কার্যপদ্ধতি নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করে তাঁর অভিযোগ, “যেভাবে কর্পোরেট হাউজের মতো দল চালানো হচ্ছিল, তা বাংলার মাটিতে চলে না।” তাঁর ইঙ্গিত, দলের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে শুরু করে সংগঠনের কাঠামো—সব ক্ষেত্রেই একক আধিপত্যের ছাপ ছিল, যা শেষ পর্যন্ত দলের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।

রাজনৈতিক মহলের একাংশের মতে, ক্ষমতা হারানোর পর তৃণমূলের অন্দরে এই ধরনের প্রকাশ্য অসন্তোষ সামনে আসা তাৎপর্যপূর্ণ। এতদিন যা অন্তর্দ্বন্দ্ব হিসেবে চাপা ছিল, এখন তা প্রকাশ্যে চলে আসছে। যদিও এই মন্তব্য নিয়ে এখনও পর্যন্ত দলের শীর্ষ নেতৃত্বের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

তবে প্রশ্ন উঠছে, এই ধরনের বিস্ফোরক মন্তব্য কি কেবল ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ, নাকি দলের অন্দরে বৃহত্তর অসন্তোষেরই প্রতিফলন? উত্তর খুঁজছে রাজনৈতিক মহল।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


প্রাসঙ্গিক খবর